শার্শায় নেশাজাতীয় সিরাপসহ দুই নারী আটক
প্রতিনিধি
শহিদুজ্জামান উজ্জল :

শার্শায় নেশাজাতীয় সিরাপসহ দুই নারী আটক
যশোরের শার্শা সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ নভেম্বর) উপজেলার কাশিপুর বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুই বোতল উইনসেরেক্স কফ সিরাপসহ তাদের আটক করেন।
আটক নারীরা হলেন, যশোর জেলার শার্শা থানার কাশিপুর গ্রামের আজিজুল হোসেনের মেয়ে ফুলসুরাত (২৪) এবং একই গ্রামের নুর হোসেনের মেয়ে জায়েদা (৫৫)।
বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, একই দিন পৃথক অভিযানে বেনাপোল আইসিপির সদস্যরা ছয়টি শাড়ি, ২৫টি কম্বল, দুই প্যাকেট ফুসকা, তিন প্যাকেট আমসত্ত্ব, ৪০টি চকলেট, ৩১০টি ওষুধসামগ্রী ও ২৩১টি প্রসাধনীসামগ্রী জব্দ করেন। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩৭ হাজার ১৫০ টাকা।
এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদক ও চোরাচালানি পণ্য পাচারকারী চক্রকে শনাক্ত ও আটকের লক্ষ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুই নারীকে আটক এবং বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আটক দুই নারীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
