ভারতের যশোরা কালীপূজা মন্দিরের অগ্নিকাণ্ডের ছবি বাংলাদেশের যশোরের বলে প্রচার
প্রতিনিধি
কামাল হোসেন:

ভারতের যশোরা কালীপূজা মন্দিরের অগ্নিকাণ্ডের ছবি বাংলাদেশের যশোরের বলে প্রচার
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার যশোরা কালীবাজারের কালীপূজা মণ্ডপে অগ্নিকাণ্ডের একটি ছবি বাংলাদেশের যশোরের ঘটনা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রেক্ষাপটে বিষয়টি স্পষ্ট করে সতর্কবার্তা দিয়েছে যশোর জেলা পুলিশ।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি বাংলাদেশের যশোরের কালীবাজারের কোনো শ্যামাপূজা মণ্ডপের নয়। এটি ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার যশোরা কালীবাজারের কালীপূজা মণ্ডপে অগ্নিকাণ্ডের ছবি।
জানা গেছে, এবারের কালীপূজায় মণ্ডপটির থিম ছিল ‘রামলীলা’। পুরুল জালি দিয়ে তৈরি নান্দনিক প্যান্ডেলটি কালীপূজার আগের দিন, উদ্বোধনের আগেই আগুনে পুড়ে যায়। মণ্ডপে বৈদ্যুতিক কাজ চলার সময় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে পুরো প্যান্ডেল পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে সেখানে নতুন করে মণ্ডপ তৈরির প্রস্তুতি চলছে।
যশোর জেলা পুলিশ জানায়, ছবিটিকে বাংলাদেশের যশোরের ঘটনা বলে প্রচার করা বিভ্রান্তিকর। এ ছাড়া ঘটনাটিকে জঙ্গিদের আগুন দেওয়ার ঘটনা বলে যে দাবি ছড়ানো হচ্ছে, সেটিও সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ছবির ব্যানারে লেখা ‘JASORA KALIBAZAR’ এবং মণ্ডপের নকশাও যশোরের কালীবাজারের সঙ্গে মেলে না।
জেলা পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে গুজবে কান না দেওয়া এবং তথ্য যাচাই ছাড়া এ ধরনের ছবি বা পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। জনস্বার্থে প্রচারিত এক বার্তায় পুলিশ এ সতর্কতা জারি করে।
