ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
সারাদেশ

সীমান্ত সুরক্ষায় পঞ্চগড়ে বিজিবির নতুন নারায়ণপুর বিওপি চালু

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

সীমান্ত সুরক্ষায় পঞ্চগড়ে বিজিবির নতুন নারায়ণপুর বিওপি চালু

সীমান্ত সুরক্ষায় পঞ্চগড়ে বিজিবির নতুন নারায়ণপুর বিওপি চালু

সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পঞ্চগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নতুন একটি সীমান্ত চৌকি স্থাপন করেছে। জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়ণপুর গ্রামে নবনির্মিত ‘নারায়ণপুর বিওপি’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ফিতা কাটা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিওপিটির উদ্বোধন করেন বিজিবি রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। পরে তিনি বিওপির নামফলক উন্মোচন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাতেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, রংপুরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা গেছে, উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের আওতাধীন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন মোট ১৪১ দশমিক ৭৮৭ কিলোমিটার সীমান্ত এলাকার নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এই সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করতে নতুন নারায়ণপুর বিওপি স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, উত্তর-পশ্চিম রিজিয়নের অধীনে মোট ১ হাজার ৬৬৮ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। সীমান্তের শিংরোড ও ধামেরঘাট বিওপির মধ্যবর্তী প্রায় ১৩ কিলোমিটার এলাকায় নজরদারি জোরদার করার লক্ষ্যেই নারায়ণপুর বিওপি স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, নতুন এই বিওপি চালুর ফলে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির অপারেশনাল সক্ষমতা বাড়বে। একই সঙ্গে মাদক ও অবৈধ অস্ত্র পাচার, মানব পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং পুশইনসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও বিজিবি দায়িত্ব পালন করছে। সীমান্ত ব্যবস্থাপনাকে আধুনিক ও শক্তিশালী করতে ঝুঁকিপূর্ণ এবং স্পর্শকাতর এলাকাগুলোতে ড্রোন, সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট ও নাইট ভিশন ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা হয়েছে।

তিনি সীমান্ত এলাকার নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সবার সম্মিলিত প্রচেষ্টায় সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ, পারস্পরিক সুসম্পর্ক ও স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নতুন নারায়ণপুর বিওপি চালুর মধ্য দিয়ে পঞ্চগড়ের সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি আরও সম্প্রসারিত হলো। এতে সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাপনায় নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন