শার্শায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
প্রতিনিধি
কামাল হোসেন:

শার্শায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
যশোরের শার্শায় বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় নুরুজ্জামান (৩২) এবং আবেদুল ইসলাম (৪২) নামে দুই ছাত্রলীগ ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) গ্রেপ্তার দুজনকে পুলিশ পাহারায় যশোর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার নুরুজ্জামান শার্শা থানার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে এবং আবেদুল ইসলাম লক্ষণপুর ইউনিয়নের বেদেপুকুর গ্রামের নেবুর আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে গ্রেপ্তার নুরুজ্জামান শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং আবেদুল ইসলাম লক্ষণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শার্শা থানার মামলা নম্বর-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর নম্বর-৩০২-এর তদন্তে পাওয়া সন্দিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় করা হয়েছে।
শার্শা থানার এসআই শেখ জাহিদুল আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, গ্রেপ্তার দুজনকে যথাযথ পুলিশ পাহারায় যশোর আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
