ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
সারাদেশ

বেনাপোলে আওয়ামী লীগের দুই কর্মীসহ চারজন গ্রেপ্তার

প্রতিনিধি

শহিদুজ্জামান উজ্জল :

বেনাপোলে আওয়ামী লীগের দুই কর্মীসহ চারজন গ্রেপ্তার

বেনাপোলে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই কর্মী-সমর্থকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পোর্ট থানা পুলিশ।

যশোরের বেনাপোলে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই কর্মী-সমর্থকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পোর্ট থানা পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে পুলিশ পাহারায় তাদেরকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের খোকন সরদারের ছেলে আল শরিফ সরদার (৩৬), শাখারীপোতা গ্রামের আনছার আলীর ছেলে আলী আহমেদ (৩৮), বেনাপোলের কেলেরকান্দা এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে সম্রাট হোসেন রনি (৩১) এবং কাগমারী গ্রামের সাজু মোড়লের ছেলে রফিকুল ইসলাম (২৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন নাষকতা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি, একজন জনসাধারণের চলাচলে বিরক্তি সৃষ্টির অভিযোগে এবং অপরজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। পোর্ট থানার এসআই এসএম আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বেনাপোলের পর্যটন মোটেলের সামনে অভিযান চালিয়ে আল শরিফ সরদারকে গ্রেপ্তার করে। তিনি বেনাপোল পোর্ট থানার ২০২৫ সালের ১৬ আগস্টের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারার মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি। পুলিশি নথিতে তাকে আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।

অপরদিকে, এসআই মোহাম্মদ মামুন শেখের নেতৃত্বে পুলিশের আরেকটি দল শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা ৫ মিনিটে শাখারীপোতা বাজার থেকে আলী আহমেদকে গ্রেপ্তার করে। তিনি ৬ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৩২৩/১১৪/৪২৭/৩৮০/৫০৬(২) ধারার মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি। পুলিশি নথিতে তাকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, এএসআই তরিকুল ইসলাম শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটে বেনাপোল কলেজের সামনে পাকা সড়ক থেকে সম্রাট হোসেন রনিকে গ্রেপ্তার করেন। জনসাধারণের মধ্যে বিরক্তি সৃষ্টির অভিযোগে তাকে গ্রেপ্তারের পর পুলিশ আইন, ১৮৬১-এর ৩৪ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন মামলা করা হয়।

অন্যদিকে, এএসআই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার রাত ২টা ৩০ মিনিটে কাগমারী গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। তিনি জিআর মামলা নম্বর ৪০২/১৫ এবং প্রসেস নম্বর ৮১৩/২৪-এর পরোয়ানাভুক্ত আসামি।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন জানান, গ্রেপ্তার চারজনকে শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে যথাযথ পুলিশ পাহারায় যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন