শার্শায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগ নেতা সাহাবুদ্দীন গ্রেপ্তার
প্রতিনিধি
কামাল হোসেন :

শার্শায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগ নেতা সাহাবুদ্দীন গ্রেপ্তার
যশোরের শার্শায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাহাবুদ্দীন বিশ্বাস (৬০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) পুলিশ পাহারায় তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সাহাবুদ্দীন বিশ্বাস শার্শা থানার লক্ষণপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড লক্ষণপুর গ্রামের পূর্বপাড়ার মৃত মইউদ্দিন বিশ্বাসের ছেলে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে উপজেলার লক্ষণপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।
শার্শা থানার এসআই শেখ জাহিদুল আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে শার্শা থানার মামলা নম্বর ২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর ৩০২-এর আসামি। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় দায়ের করা হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশ পাহারায় যশোর আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
