ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
সারাদেশ

বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলা মামলায় বিএনপির ৮ নেতা-কর্মী আসামি

প্রতিনিধি

কামাল হোসেন:

বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলা মামলায় বিএনপির ৮ নেতা-কর্মী আসামি

বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলা মামলায় বিএনপির ৮ নেতা-কর্মী আসামি

যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল বোমা হামলার ঘটনায় বিএনপির আট নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেনাপোল পোর্ট থানায় মামলাটি করেন ককটেল বিস্ফোরণে আহত তবিবুর রহমান তবি (৫০)। মামলার নম্বর ১৬, তারিখ ২৫ নভেম্বর ২০২৬।

মামলার বাদী তবিবুর রহমান তবি বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি। তিনি বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া গ্রামের বাসিন্দা এবং শার্শা থানার কণ্যাদহ গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে।

মামলার আসামিরা হলেন, বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আশা (৩০), জামশের আলীর ছেলে বাবু (৩৫), ইসরাফিলের ছেলে চয়ন (২৭), মৃত হবি সরদারের ছেলে ইব্রাহিম (৪০) ও ইসরাফিল (৫৫), মৃত সোলেমান সরদারের ছেলে জামশের আলী (৬০), জামশের আলীর ছেলে বকুল (৩৫) এবং মৃত ছামাদের ছেলে আবদুল আহাদ (৬০)। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

জানা গেছে, মামলার ৮ নম্বর আসামি আবদুল আহাদ বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর। ইসরাফিল সরদার বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। এ ছাড়া অন্য আসামিরাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তবিবুর রহমান তবির সঙ্গে স্থানীয় কয়েকজনের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৪ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তিনি তার সহযোগী লুকমান হোসেনকে (৫০) নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে নিজের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা আসামিরা তাদের পথরোধ করেন।

এজাহারে বলা হয়েছে, এ সময় আবদুল আহাদের নির্দেশে আশা ও বাবু তাদের হত্যার উদ্দেশ্যে দুটি ককটেল নিক্ষেপ করেন। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলে তবিবুর রহমানের ডান পায়ের বিভিন্ন স্থানে এবং লুকমান হোসেনের বাম পায়ের বিভিন্ন স্থানে আঘাত লাগে। বিস্ফোরণে তাদের ব্যবহৃত কালো রঙের ইয়ামাহা এফজেডএস-ভি২ মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, ককটেল বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা বাদী ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতা মোঃ শহিদ আলী বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের কিছু অংশবিশেষ উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন জানান, এ ঘটনায় তবিবুর রহমান তবি বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেছেন। ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অবিস্ফোরিত একটি ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে। পরে সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলা মামলায় বিএনপির ৮ নেতা-কর্মী আসামি | সীমান্তের খবর