ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিল-ইয়াবা উদ্ধার

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিল-ইয়াবা উদ্ধার

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিল-ইয়াবা উদ্ধার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১৫ বোতল ফেনসিডিল ও ৩৯২ পিস ইয়াবা। তবে অভিযানের সময় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও পাচার প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফকিরগঞ্জ বিওপির সদস্যরা অভিযান চালান। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৩৯২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।

উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা নজরদারি এবং অনুসন্ধান অব্যাহত রেখেছে বিজিবি।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান কঠোর ও আপসহীন। সীমান্তকে মাদকমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক কারবারিদের কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।

শেয়ার করুন