শার্শায় আওয়ামী লীগ সমর্থিত নিজামপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল গ্রেপ্তার
প্রতিনিধি
কামাল হোসেন:

শার্শায় আওয়ামী লীগ সমর্থিত নিজামপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল গ্রেপ্তার
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সেলিম রেজা বিপুল (৪৮) নামে এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার নিজামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।
গ্রেপ্তার সেলিম রেজা বিপুল শার্শা থানার নিজামপুর ইউনিয়নের কেরালখালী গ্রামের উত্তরপাড়ার মৃত শামসুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সেলিম রেজা বিপুল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত নিজামপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। গ্রেপ্তারের পূর্বমুহুর্ত পর্যন্ত তিনি বহাল তবিয়্যতে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। শার্শা থানার এসআই শেখ মোঃ জাহিদুল আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ আরো জানিয়েছেন, শার্শা থানার একটি নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি গত ১৯ সেপ্টেম্বর দায়ের করা হয়। যার মামলা নম্বর ২৩ এবং জিআর নম্বর ৩০২। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় মামলাটি করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে যথাযথ পুলিশ পাহারায় যশোর আদালতে পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।
