ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ

শার্শায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

প্রতিনিধি

শহিদুজ্জামান উজ্জল :

শার্শায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

শার্শায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবিস্তার রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনায় জব্দ করা জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার সাড়াতলা ও পাকশিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শার্শা মৎস্য দপ্তরের সার্বিক সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান। অভিযানে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে সেগুলো ঘটনাস্থলেই জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে বলে জানিয়েছেন শার্শা উপজেলা মৎস্য দপ্তরের সিনিয়র অফিসার পলাশ বালা ।

তিনি আরও জানান, চায়না দুয়ারি জাল অত্যন্ত সূক্ষ্ম ও ঘন ফাঁসের হওয়ায় এতে দেশীয় প্রজাতির ছোট-বড় সব ধরনের মাছ নির্বিচারে আটকা পড়ে। বিশেষ করে মাছের পোনা ও ডিমওয়ালা মাছ এ জালের ফাঁদ থেকে রেহাই পায় না। ফলে মাছের স্বাভাবিক প্রজনন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হয়। একপর্যায়ে নদী-খাল ও জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ে।

তিনি আরও বলেন, চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহার দেশীয় মাছের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের অবৈধ জাল ব্যবহারের ফলে শুধু মাছের ক্ষতিই হচ্ছে না, জলজ পরিবেশের স্বাভাবিক ভারসাম্যও নষ্ট হচ্ছে। দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবিস্তার রক্ষা এবং মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় তিনি উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে জলাশয়ে অবৈধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

শার্শায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস | সীমান্তের খবর