জৈন্তাপুরের ইতিহাস-ঐতিহ্য রক্ষায় সরেজমিনে দুই মন্ত্রী
প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক:

জৈন্তাপুরের ইতিহাস-ঐতিহ্য রক্ষায় সরেজমিনে দুই মন্ত্রী
সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো সংরক্ষণ এবং পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন সরকারের দুই মন্ত্রী। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা পরিদর্শনকালে তাঁরা এ আশ্বাস দেন।
পরিদর্শন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় তাঁরা জৈন্তাপুরের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন।
পরিদর্শনকালে মন্ত্রীরা ঐতিহাসিক জৈন্তেশ্বরী বাড়ি (বিচারালয়), জৈন্তা রাজবাড়ি, সারিঘাটে সিলেট-তামাবিল মহাসড়কের মাঝখানে অবস্থিত রাজার ঐতিহাসিক পান্থশালা এবং রাজা বিজয় সিংহের সমাধিসৌধ পরিদর্শন করেন। এসব স্থাপনার ঐতিহাসিক গুরুত্ব, বর্তমান অবস্থা এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।
এ সময় মন্ত্রীরা বলেন, একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় বহন করে তার ঐতিহাসিক স্থাপনাগুলো। এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন কেবল অতীতের স্মৃতিচিহ্ন নয়, বরং আমাদের সমৃদ্ধ ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল। তাই এগুলো যথাযথভাবে সংরক্ষণ করা জরুরি। অবহেলা ও অযত্নে যাতে ঐতিহাসিক স্থাপনাগুলোর অস্তিত্ব ও সৌন্দর্য নষ্ট না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তাঁরা আরও বলেন, জৈন্তাপুরের রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্য। যথাযথ পরিচর্যা, সংস্কার ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে এসব স্থাপনাকে দেশি-বিদেশি পর্যটক এবং দর্শনার্থীদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব। এ জন্য স্থাপনাগুলোর সংরক্ষণের পাশাপাশি পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এতে নতুন প্রজন্ম নিজেদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাবে, পাশাপাশি স্থানীয় পর্যটনশিল্পের বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখবে।
ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের পাশাপাশি মন্ত্রীরা সিলেট-তামাবিল মহাসড়ক পৃথক এসএমভিটি লেনসহ চার লেনে উন্নীতকরণ প্রকল্পের চলমান কাজের অগ্রগতিও ঘুরে দেখেন। তাঁরা প্রকল্পের বিভিন্ন অংশ পরিদর্শন করে কাজের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিলেট ও চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা এবং সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) সালমান নূর আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ১ নম্বর নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, ৪ নম্বর দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহারসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের উদ্দেশ্যে জৈন্তাপুর ত্যাগ করেন। অন্যদিকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী গোয়াইনঘাট উপজেলার উদ্দেশ্যে রওনা হন।
