ঝিকরগাছায় আব্দুস সাত্তার অয়েল মিলস ও ছালাম স্টোরকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর
প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক:

ঝিকরগাছায় আব্দুস সাত্তার অয়েল মিলস ও ছালাম স্টোরকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর
যশোরের ঝিকরগাছায় অবৈধভাবে প্যারাসুট ব্র্যান্ডের নারিকেল তেল উৎপাদনের অভিযোগে মেসার্স আব্দুস সাত্তার বিশ্বাস অয়েল মিলসকে ৫০ হাজার টাকা এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন শিশুখাদ্য বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার দায়ে ছালাম স্টোরকে ১০ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার কলেজ রোড ও উপজেলা বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, কলেজ রোডের মেসার্স আব্দুস সাত্তার বিশ্বাস অয়েল মিলসে অবৈধভাবে প্যারাসুট ব্র্যান্ডের কদম ফুল নারিকেল তেল উৎপাদন করতে দেখা যায়। তেল উৎপাদনে বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছিল না। অথচ পণ্যে ব্যবহার করা হচ্ছিল বিএসটিআইয়ের লোগো। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, উপজেলা বাজারের ছালাম স্টোরে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নামবিহীন বিপুল পরিমাণ শিশুখাদ্য বিক্রির উদ্দেশ্যে মজুত পাওয়া যায়। এসব প্যাকেটজাত শিশুখাদ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখও উল্লেখ ছিল না। এ অপরাধে একই আইনের ৩৭ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মাংসের দোকানগুলোও তদারকি করা হয়। এ সময় মনিটরিং টিমের উপস্থিতিতে মাংস ব্যবসায়ীরা প্রতি কেজি মাংসের দাম ৭৮০ টাকা থেকে কমিয়ে ৭৫০ টাকা নির্ধারণ করেন। পাশাপাশি দোকানে মূল্যতালিকা টাঙিয়ে দেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান অভিযানে নেতৃত্ব দেন। এ সময় জেলা পুলিশ, ঝিকরগাছা থানা পুলিশের সদস্য এবং যশোর জেলা ক্যাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে পণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
