ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১ এপ্রিল, ২০২৬
সারাদেশ

তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা: ঘাতক চালক র‌্যাবের হাতে গ্রেফতার

প্রতিনিধি

বেনাপোল (যশোর) থেকে মাসুদ শেখ :

২৯ মার্চ, ২০২৬
তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা: ঘাতক চালক র‌্যাবের হাতে গ্রেফতার

তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা: ট্রাক উদ্ধার, ঘাতক চালক র‌্যাবের হাতে গ্রেফতার

নড়াইল সদর উপজেলার তুলারামপুরে তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন, যাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাকটি উদ্ধার এবং পরে অভিযানে ঘাতক ট্রাকচালককেও গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনাটি ঘটে শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের তুলারামপুর রেল ব্রিজ এলাকায়।

নিহত নাহিদ সরদার (৩৩) নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। তিনি তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। আহত জিহাদুল মোল্যা (২৭) একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তুলারামপুরে অবস্থিত মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত আলী। পাম্পে তেল না থাকায় ম্যানেজার নাহিদ সরদার তাকে তেল দিতে না পারলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুজাত আলী নাহিদকে ট্রাক চাপা দিয়ে হত্যার হুমকি দেন।

এর কিছুক্ষণ পর রাতের দিকে নাহিদ সরদার ও তার সহকর্মী জিহাদুল মোল্যা মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পাম্প থেকে প্রায় ১০০ গজ দূরে পৌঁছালে পেছন থেকে ট্রাক নিয়ে এসে তাদের লক্ষ্য করে চাপা দেন সুজাত। এতে ঘটনাস্থলেই নাহিদ সরদারের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন জিহাদ।

আহত জিহাদুল মোল্যাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনার পরপরই ট্রাকচালক সুজাত আলী পালিয়ে যায়। তবে কয়েক ঘণ্টার মধ্যে যৌথ অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত ট্রাকটি (রেজি: যশোর-ট ১১-৬০৪০) উদ্ধার করা হয়। রবিবার (২৯ মার্চ) দুপুরে বেনাপোল পৌর ট্রাক টার্মিনাল থেকে নড়াইল ডিবি, যশোর ডিবি ও বেনাপোল পোর্ট থানা পুলিশের যৌথ অভিযানে ট্রাকটি জব্দ করা হয়। পরে বিকাল সাড়ে ৩টার দিকে ট্রাকটি নাভারণ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অবশেষে একইদিন বিকালে যশোরের বাঘারপাড়া উপজেলা থেকে র‌্যাব-৬ এর একটি দল ঘাতক ট্রাকচালক সুজাত আলীকে গ্রেফতার করে।

আটক ট্রাক চালক নড়াইল জেলার সদর থানার পেড়লী গ্রামের ছাইদুর রহমানের ছেলে।

তাকে নড়াইলে আনার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জ্বালানি তেল সরবরাহকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত অব্যাহত আছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন