জুনের মধ্যে মাঠ ছাড়বে সেনাবাহিনী, কোর কমিটির সিদ্ধান্ত
প্রতিনিধি
সীমান্তের খবর ডেস্ক:

জুনের মধ্যে মাঠ ছাড়বে সেনাবাহিনী, কোর কমিটির সিদ্ধান্ত
আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সেনাবাহিনীর সদস্যদের আগামী জুন মাসের মধ্যেই ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। এ প্রক্রিয়া শুরু হবে ৬ জুন থেকে এবং ধাপে ধাপে তা সম্পন্ন করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথমে দূরবর্তী জেলা থেকে সেনাসদস্যদের প্রত্যাহার করা হবে। এরপর পর্যায়ক্রমে বিভাগীয় শহর ও বড় জেলাগুলো থেকে তাদের তুলে আনা হবে। জুনের মধ্যেই সব সদস্যকে মাঠপর্যায় থেকে সরিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের অধীনে কোর কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বিজিবি মহাপরিচালকসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, মাদকবিরোধী অভিযান, পুলিশের পোশাক পরিবর্তনসহ বিভিন্ন বিষয় আলোচনা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে সহিংস পরিস্থিতির প্রেক্ষাপটে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে তারা দীর্ঘ সময় মাঠে অবস্থান করে। বর্তমানে দেশজুড়ে প্রায় ১৭ হাজার সেনাসদস্য দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, মাদকবিরোধী অভিযান জোরদার করা হবে এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো হবে। চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে, দলীয় পরিচয় বিবেচনা না করে আইনি পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া কিছু প্রশাসনিক সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সংক্রান্ত বিষয় পর্যালোচনা, সিটি করপোরেশনের প্রশাসকদের নিরাপত্তা জোরদার এবং সাংবাদিকদের বিষয়ে হয়রানি না করার নির্দেশনা নিয়ে আলোচনা হয়েছে।
সভায় সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পুলিশের পোশাক হিসেবে নেভি ব্লু শার্ট ও খাকি প্যান্ট বহাল রাখার সিদ্ধান্ত বহাল থাকে।
কোর কমিটির এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
