ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ৮ মে, ২০২৬
জাতীয়

বগুড়া সিটি করপোরেশনসহ পাঁচ নতুন উপজেলা গঠনের অনুমোদন

প্রতিনিধি

সীমান্তের খবর ডেস্ক:

৭ মে, ২০২৬
বগুড়া সিটি করপোরেশনসহ পাঁচ নতুন উপজেলা গঠনের অনুমোদন

বগুড়া সিটি করপোরেশনসহ পাঁচ নতুন উপজেলা গঠনের অনুমোদন। বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

দেশের প্রশাসনিক কাঠামো আরও সম্প্রসারণের অংশ হিসেবে বগুড়া সিটি করপোরেশন গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের চারটি জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিকার বৈঠকে বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জনসংখ্যা বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা, নাগরিক সেবা সহজ করা এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে এসব নতুন প্রশাসনিক ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তের মাধ্যমে দেশে সিটি করপোরেশনের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩টিতে। বর্তমানে দেশের অন্যান্য সিটি করপোরেশনগুলো হলো- ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন।

এছাড়া নতুন পাঁচটি উপজেলা যুক্ত হওয়ায় দেশে উপজেলার সংখ্যা বেড়ে হয়েছে ৪৯৫টি। উপজেলা প্রশাসনের মাধ্যমে দেশের ৬৪ জেলার স্থানীয় পর্যায়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক নির্দেশনা ও জনসেবা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

এর আগে সর্বশেষ মাদারীপুরের ডাসার, কক্সবাজারের ঈদগাঁও এবং সুনামগঞ্জের মধ্যনগরকে নতুন উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছিল।

শেয়ার করুন