ঈদুল আজহায় ২৫ মে থেকে টানা সাত দিনের সরকারি ছুটি
প্রতিনিধি
সীমান্তের খবর ডেস্ক:

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের ছুটির আগে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে।
একই বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উপস্থাপিত ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। নীতিমালার লক্ষ্য হচ্ছে সারাদেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধা নিশ্চিত করা, জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতার মান উন্নয়ন এবং নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব ব্যবস্থা গড়ে তোলা।
নীতিমালায় পাবলিক টয়লেট ব্যবস্থার দীর্ঘমেয়াদি কার্যকারিতা বজায় রাখতে সুষ্ঠু ব্যবস্থাপনা ও অর্থায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে টয়লেট ব্যবহারে সচেতনতা তৈরিতে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।
ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে নারীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। সব পাবলিক টয়লেটে সেপটিক ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক করা হয়েছে এবং কোনো অবস্থাতেই বর্জ্য নদী, খাল, জলাশয় বা জলাভূমিতে ফেলা যাবে না বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
এছাড়া সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপনে স্থানীয় সরকার বিভাগ ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে যৌথভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নীতিমালা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সময়বদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের কথাও বলা হয়েছে।
