বেনাপোল সীমান্তে বিজিবি-র্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২
প্রতিনিধি
কামাল হোসেন:

যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাব-৬ এর যৌথ অভিযানে ইমরান হোসেন (৩৫) ও মিনাজুল (৪৫) নামে ২ জন আসামীসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে।
যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাব-৬ এর যৌথ অভিযানে ইমরান হোসেন (৩৫) ও মিনাজুল (৪৫) নামে ২ জন আসামীসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে পৃথক অভিযানে বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্যও জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ঘিবা সীমান্ত এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত ইমরান হোসেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের হায়দার আলীর ছেলে এবং মিনাজুল পুড়াবাড়ী নারায়ণপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানকালে ধান্যখোলা গ্রামের মধ্য থেকে ২ জন আসামীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১৮ বোতল মাদক উইনসিরেক্স সিরাপ, ৯৯ বোতল এস্কাফ সিরাপ (নেশাজাতীয়) এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়া বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১২টি শাড়ি, ২টি থ্রি-পিস, ২টি কম্বল, ১৫টি পোশাক সামগ্রী, ১ কেজি জিরা, ১ প্যাকেট ফুসকা, ৭৮৬টি চকলেট এবং ২০৫টি কসমেটিকস সামগ্রী জব্দ করে।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৪২ হাজার ৪০০ টাকা। আটককৃত মাদকদ্রব্য ও আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
