ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
সারাদেশ

যশোরে অনলাইন জুয়ার দুই এজেন্ট শার্শার জিসান ও রাসেল আটক

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

১৬ জুলাই, ২০২৬
যশোরে অনলাইন জুয়ার দুই এজেন্ট শার্শার জিসান ও রাসেল আটক

যশোরে অনলাইন জুয়ার দুই এজেন্ট শার্শার জিসান ও রাসেল আটক

যশোরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের বিশেষ অভিযানে অবৈধ অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই এজেন্টকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই) রাত পৌনে ১২টার দিকে যশোর শহরের কোতয়ালী মডেল থানার আরবপুর ইউনিয়নের ধর্মতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। তবে আরও ৪-৫ জন পালিয়ে যেতে সক্ষম হয়।

আটকরা হলেন শার্শা উপজেলার গোকর্ণ গ্রামের হাফিজুর রহমানের ছেলে মো. ইমদাদুল হক জিসান (২৪) এবং ট্যাংরালী গ্রামের শরিফুলের ছেলে মো. তৌহিদুজ্জামান রাসেল (২৪)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে coin30.live, MAN99, Bet365, BB44.com, bdworld.live, BDBet.me, MCW Casino, Gold1x ও 1xBet-সহ বিভিন্ন অনলাইন বেটিং সাইটের এজেন্ট হিসেবে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অর্থ লেনদেনের মাধ্যমে অবৈধ অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

তাদের কাছ থেকে জব্দ করা তিনটি মোবাইল ফোনে অনলাইন জুয়া পরিচালনার বিভিন্ন তথ্য-উপাত্ত ও লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ। এছাড়া একটি সুজুকি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে এবং বৃহস্পতিবার (১৬ জুলাই) আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন