বেনাপোলে লোহাবোঝাই ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

বেনাপোলে লোহাবোঝাই ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২
যশোরের বেনাপোলে লোহাবোঝাই ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৫০) নামে এক মাদ্রাসা কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসার এক শিক্ষক ও ভ্যানচালক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে বেনাপোল বাইপাস সড়কের ভবারবেড় এলাকায় রাজুর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম হোসেন শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি স্থানীয় ইছাপুর দাখিল মাদ্রাসার অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। আহতরা হলেন একই মাদ্রাসার শিক্ষক ফজলুল হক (৪৫) ও ভ্যানচালক আলী কদর (৩৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার কাজের জন্য সহকর্মী শিক্ষক ফজলুল হককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে (যশোর-ল-১৫-১৯৩০) গোগা থেকে বেনাপোল হয়ে শার্শার দিকে যাচ্ছিলেন ইব্রাহিম হোসেন। মোটরসাইকেলের চালক ও আরোহী দুজনই হেলমেট পরা ছিলেন।
পথে বেনাপোল বাইপাস সড়কের ভবারবেড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লোহার গ্রিল ও ভারী লোহাবোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী ও ভ্যানচালক গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে হাসপাতালে নেওয়ার পথে ইব্রাহিম হোসেনের মৃত্যু হয়। আহত ফজলুল হক ও আলী কদর শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাভারণে চিকিৎসাধীন রয়েছেন।
ইব্রাহিম হোসেনের মৃত্যুতে তার পরিবার, স্বজন ও কর্মস্থল ইছাপুর দাখিল মাদ্রাসায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীকে হারিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোক বিরাজ করছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত ব্যাটারিচালিত ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
