ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
সারাদেশ

বেনাপোলে যুবকদের ক্যারাম প্রতিযোগিতা, পুরস্কার ছাগল ও রাজহাঁস

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

১৪ আগস্ট, ২০২৬
বেনাপোলে যুবকদের ক্যারাম প্রতিযোগিতা, পুরস্কার ছাগল ও রাজহাঁস

বেনাপোলে যুবকদের ক্যারাম প্রতিযোগিতা, পুরস্কার ছাগল ও রাজহাঁস

মাদকের ছোবল থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে যশোরের বেনাপোলে জমজমাট ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় আটটি দল অংশ নেয়।

দিনভর প্রতিদ্বন্দ্বিতার পর রাত ১০টার দিকে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় ব্যতিক্রমী এ আয়োজন।

সকাল ৯টায় শুরু হওয়া প্রতিযোগিতায় প্রতিটি দল ২ হাজার টাকা ফি দিয়ে অংশ নেয়। খেলায় জয়ী হওয়ার জন্য ৩৯ পয়েন্ট নির্ধারণ করা হয়। প্রতিযোগিতার অন্যতম শর্ত ছিল-৩ নম্বর ওয়ার্ডের বাইরের কোনো খেলোয়াড় অংশ নিতে পারবেন না। পাশাপাশি খেলোয়াড়দের পছন্দমতো যেকোনো ধরনের স্ট্রাইকার ব্যবহারের সুযোগ রাখা হয়।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আবু ফেরদৌস ও হাসান আলী (লালু) জুটি চ্যাম্পিয়ন এবং মেহেদী হাসান ও সাইফুল ডাক্তার জুটি রানার্সআপ হয়।

চ্যাম্পিয়ন জুটিকে পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি ছাগল। রানার্সআপ জুটির হাতে তুলে দেওয়া হয় দুটি রাজহাঁস। আর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য হাসান আলী ওরফে লালুকে দেওয়া হয় সেরা খেলোয়াড়ের পুরস্কার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মফিজুর রহমান সজন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদকের ছোবলে আজ যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এ অবস্থা থেকে যুবকদের দূরে রাখার অন্যতম কার্যকর পথ হচ্ছে খেলাধুলা। তাই ৩ নম্বর ওয়ার্ডের যুবসমাজের এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্যও আয়োজকদের ধন্যবাদ জানাই।”

মফিজুর রহমান সজন বলেন, আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হলে তিনি বেনাপোলকে মাদকমুক্ত ও উন্নত শহর হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

এদিকে, প্রতিযোগিতার আয়োজক কমিটির সদস্য ও বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেহেদী হাসান কাউন্সিলর প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করে বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় করে এবং যুবসমাজকে মাদকসহ নানা অপরাধ থেকে দূরে রাখে। আজকের আয়োজনটি ৩ নম্বর ওয়ার্ডের যুবকদের নিয়ে হলেও ভবিষ্যতে বেনাপোল পৌরসভার সব ওয়ার্ডের যুবকদের নিয়ে বড় পরিসরে এমন আয়োজন করার ইচ্ছা রয়েছে।”

আয়োজকরা জানান, সকাল ৯টায় শুরু হয়ে প্রায় ১৩ ঘণ্টা ধরে চলে প্রতিযোগিতা। দীর্ঘ সময়ের খেলায় দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। রাতে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় ব্যতিক্রমী এ ক্যারাম প্রতিযোগিতা।

শেয়ার করুন