গোসল করতে নেমে ৭ বছরের শিশু নিখোঁজ, ডুবুরি না থাকায় উদ্ধার অভিযান বিলম্বিত
প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক:

গোসল করতে নেমে ৭ বছরের শিশু নিখোঁজ, ডুবুরি না থাকায় উদ্ধার অভিযান বিলম্বিত
গোপালগঞ্জের মধুমতি নদীতে গোসল করতে নেমে রাব্বি নামে সাত বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে সদর উপজেলার হরিদাসপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রাব্বি নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বাবা-মায়ের সঙ্গে গোপালগঞ্জের হরিদাসপুর এলাকায় মামা নূরে আলম খানের বাড়িতে বেড়াতে আসে রাব্বি। শনিবার দুপুরে স্থানীয় সমবয়সী শিশু মেহেরাবের সঙ্গে মধুমতি নদীতে গোসল করতে যায় সে। একপর্যায়ে নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় রাব্বি। পরিবারের সদস্যরা জানান, শিশুটি সাঁতার জানত না।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে গোপালগঞ্জে নিজস্ব ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে নদীতে নেমে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। পরে মাদারীপুর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। এদিকে স্থানীয় বাসিন্দারা নৌকা ও অন্যান্য উপায়ে নদীতে শিশুটির সন্ধানে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন।
নিখোঁজ শিশুর মামাতো ভাই মো. আশিক বলেন, রাব্বি অন্য শিশুদের সঙ্গে বাড়িতে খেলছিল। কাউকে না জানিয়ে সে আরেক শিশুর সঙ্গে নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানায় স্রোতের মধ্যে পড়ে সে নিখোঁজ হয়েছে।
স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান বলেন, গোপালগঞ্জ নদী-নালা, খাল-বিলবেষ্টিত এলাকা। অথচ জেলার ফায়ার সার্ভিসে ডুবুরি না থাকায় পানিতে উদ্ধার কার্যক্রমে প্রায়ই সমস্যায় পড়তে হয়।
উদ্ধার কাজে আসা ফায়ার সার্ভিসের লিডার মো. এসকেনদার আলী শেখ জানান, গোপালগঞ্জে চার বছর ধরে দায়িত্ব পালন করছেন তিনি। এ সময়ে জেলার ফায়ার সার্ভিসে কোনো ডুবুরি দল নেই। পানিতে উদ্ধার অভিযান পরিচালনার প্রয়োজন হলে খুলনা, মাদারীপুর অথবা ফরিদপুর থেকে ডুবুরি দলের সহায়তা নিতে হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, মাদারীপুরের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হবে।
