যশোরে যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত ‘ডাকাত সরদার’ গ্রেপ্তার
প্রতিনিধি
শহিদুজ্জামান উজ্জল :

যশোরে যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত ‘ডাকাত সরদার’ গ্রেপ্তার
যশোরে ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শফিয়ার রহমান ওরফে শফি ড্রাইভারকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ ও র্যাব-৩-এর যৌথ আভিযানিক দল।
রোববার (৩০ আগস্ট) বিকেলে যশোর কোতোয়ালি মডেল থানার বাহাদুরপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শফিয়ার রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের শামছুদ্দিন বিশ্বাসের ছেলে। র্যাবের তথ্য অনুযায়ী, তিনি ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং ‘ডাকাত সরদার’ হিসেবে পরিচিত।
র্যাব-৬ জানায়, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের পাশাপাশি ডাকাতি, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে র্যাব।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল ৩টা ৫ মিনিটে র্যাব-৬-এর সিপিসি-৩ যশোর ও র্যাব-৩ ঢাকার একটি যৌথ দল বাহাদুরপুর পূর্বপাড়ায় মো. ইউনুসের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় ওয়ারেন্টভুক্ত আসামি শফিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
