যশোরে বিজিবির অভিযানে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

যশোরে বিজিবির অভিযানে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১
যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৯ লাখ টাকা মূল্যের চারটি পূর্ণাঙ্গ ও একটি অর্ধেক স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহল দল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ সেতুর ওপর অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটক ব্যক্তি হলেন নড়াইল জেলার কালিয়া থানার খাশিয়ালা ডাকঘরের টোনা গ্রামের রজব আলী মৃধার ছেলে রিপন মৃধা (২৫)।
বিজিবি জানায়, আটক রিপন মৃধার প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৫৮৩ দশমিক ১৯ গ্রাম ওজনের চারটি পূর্ণাঙ্গ ও একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৬১৫ টাকাও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন মৃধা বিজিবিকে জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।
বিজিবির তথ্যমতে, উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ১৯ লাখ ২৩ হাজার ৩১৯ টাকা। এছাড়া জব্দ করা মোবাইল ফোনের মূল্য ১৭ হাজার টাকা। নগদ অর্থসহ জব্দকৃত আলামতের মোট সিজার মূল্য ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৯৩৪ টাকা।
এ ঘটনায় আটক রিপন মৃধার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় স্বর্ণ ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
