যশোরে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১
প্রতিনিধি
শহিদুজ্জামান উজ্জল :

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়, সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তাজুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসন্ডা গ্রামের মজিবুল হকের ছেলে।
বিজিবি জানায়, আটক ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১১৬ দশমিক ৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, তিনি ঢাকা থেকে যশোর হয়ে নাভারন সীমান্ত দিয়ে স্বর্ণের বারটি ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।
বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য ২৩ লাখ ৫৮ হাজার ৯৮৯ টাকা। জব্দ করা দুটি মোবাইল ফোনের মূল্য ১৩ হাজার টাকা এবং নগদ অর্থসহ মোট জব্দকৃত আলামতের মূল্য ২৩ লাখ ৭৪ হাজার ১৮৯ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় স্বর্ণ ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
