ঢাকা, বাংলাদেশ || শনিবার, ২২ আগস্ট, ২০২৬
সারাদেশ

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

প্রতিনিধি

রংপুর প্রতিনিধি:

২২ আগস্ট, ২০২৬
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

রংপুর মহানগরের কামাল কাছনা মাছুয়াপাড়া এলাকায় একটি তিনতলা ভবন থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে দীর্ঘদিন তালাবদ্ধ থাকা ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন-গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।

স্থানীয়রা জানান, বাড়িটি বেশ কিছুদিন ধরে বাইরে থেকে তালাবদ্ধ ছিল। দীর্ঘ সময় ধরে পরিবারের কাউকে বাইরে আসতে না দেখে এবং ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ায় তাঁদের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পুলিশ জানায়, গণপতি চক্রবর্তী জুয়েল গত বছরের ডিসেম্বরে রংপুর জিলা স্কুলের শিক্ষকতা থেকে অবসর নেন। এরপর তিনি রংপুর সমবায় মার্কেটের একটি হোমিওপ্যাথি চেম্বারে নিয়মিত চিকিৎসাসেবা দিতেন।

ঘটনাটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের প্রাথমিকভাবে বিষয়টি রহস্যজনক বলে মনে করছে। মৃত্যুর কারণ ও সময় জানতে পুলিশ এবং সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থার তদন্ত দল কাজ করছে। কীভাবে এই চারজনের মৃত্যু হয়েছে, তা উদ্‌ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

শেয়ার করুন

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার | সীমান্তের খবর